নরসিংদীতে জোড়া খুনে ফাঁসি ও যাবজ্জীবন
নরসিংদীতে জোড়া খুনের দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম আবুল হাশেম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম কিরণ মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামির নাম জহির মিয়া। কিরণ মিয়া পলাতক।মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার কুমার টেক গ্রামের জামাল উদ্দিনের ছোট বোন ইতি আক্তারকে স্কুলে আসা-যাওয়ার পথে কিরণ মিয়া ও জহির মিয়া কটূক্তিসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। ২০০২ সালের ১৯ আগস্ট রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ইতিকে নিজ বাড়ি থেকে অভিযুক্তরা উঠিয়ে নিতে আসেন।এ সময় জামালের শ্যালক ফারুক মিয়া ও তাঁর স্ত্রী রুবি আক্তার বাধা দিলে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কিরণ ও জহির আঘাত করেন। সে সময় আহতদের চিত্কারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে আসামিরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ফারুক মিয়া ও তাঁর স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুই দিন পর তাঁরা মারা যান।এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী পাবলিক প্রসিকিউটর এম এ এন অলিউল্লাহ ও আসামিপক্ষে শাহজাহান মিয়া মামলা পরিচালনা করেন।