নরসিংদীতে ট্রাকের চাপায় দুজন নিহত
নরসিংদীর শিবপুর উপজেলার শ্রীফুলিয়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন।আজ সোমবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন শিবপুর উপজেলার বাঘাব এলাকার বাহারউদ্দিন মাস্টারের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৪১)। শফিকুল ইসলাম একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে শফিকুল ও ফরিদ মোটরসাইকেলে করে বেলাবো উপজেলার মরজাল থেকে নরসিংদী যাচ্ছিলেন। তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।হাইওয়ে পুলিশের শিবপুর ইটাখোলা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নান্নু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।