নরসিংদীতে ট্রেন দুর্ঘটনা: চলছে উদ্ধারকাজ, কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কারণে আজ নরসিংদীতে দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। সকাল থেকে বৃষ্টি থাকায় উদ্ধারকাজ ঢিলেঢালাভাবে চলে। বিকেলে বৃষ্টি কমে এলে কাজে গতি আসে। রেলওয়ের কর্মকর্তাদের ধারণা, রাত আটটার মধ্যে উদ্ধারকাজ শেষ হবে এবং একই সময় থেকে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত দলের সদস্যরা এখন নরসিংদী স্টেশন এলাকায় অবস্থান করে তদন্তকাজ চালিয়ে যাচ্ছেন। রেলওয়ের তদন্ত কমিটির সভাপতি ঢাকা বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ও টেলিযোগাযোগ) বেণুরঞ্জন সরকার বলেন, ‘তদন্ত এগিয়ে চলেছে। এরই মধ্যে আমরা অনেকটা নিশ্চিত হয়েছি, মূলত চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল অমান্য করে প্ল্যাটফরম অতিক্রম করায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে এর সঙ্গে আর কোনো কারণ ছিল কি না, বিশেষ করে কোনো নাশকতা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। উভয় ট্রেনে ডিউটিতে থাকা চালকেরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন থাকায় এখনই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।’কমিটির আহ্বায়ক ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুটি ট্রেনের ইঞ্জিন, চট্টলা ট্রেনের তিনটি বগি এবং আন্তনগর মহানগর গোধূলি ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত করে ইঞ্জিন দুটিকে ব্যবহার উপযোগী করার সম্ভাবনা থাকলেও বগি চারটি আর ব্যবহার করা যাবে না। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। সেটা নিরূপণের কাজও চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ অন্তত ১০ কোটি টাকা হবে। রেলওয়ের আইন অনুযায়ী যাত্রী ও রেলওয়ের কর্মচারীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানান।চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, রেলওয়ে পুলিশের পক্ষ থেকেও তিন সদস্যের একটি পৃথক তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। নরসিংদী জেলা প্রশাসন ও অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আলী আহসানকে দিয়ে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।হাসপাতালের সর্বশেষ চিত্র: জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের জ্যেষ্ঠ সেবক মো. কামাল হোসেন জানান, সদর হাসপাতালে এখন আটজন চিকিত্সাধীন।জেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, দুর্ঘটনায় আহত ২৭ জন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে ঢাকার পঙ্গু হাসপাতালে আটজনকে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চারজনকে পাঠানো হয়। বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি আছে ১০ জন।অন্যদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের কয়েক শ যাত্রী নরসিংদী স্টেশনে আটকা পড়েছে। বিশেষ করে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর ট্রেনের চট্টগ্রামের শতাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েছে। নরসিংদী থেকে চট্টগ্রামগামী কোনো সরাসরি ট্রেন ও বাস না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।