নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশুসহ নিহত ৩
নরসিংদীর সদর উপজেলা এবং রায়পুরা উপজেলার মেথিকান্দা স্টেশনের কাছে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের এখনো কোনো পরিচয় জানা যায়নি। আজ রোববার এ পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।ভৈরব রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে নরসিংদী স্টেশনের কাছে একটি চলন্ত লোকাল ট্রেন থেকে নামার সময় অজ্ঞাতনামা এক নারী (৩৫) ও এক শিশু (১০) ট্রেনের বগির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতনামা ওই নারীরও মৃত্যু হয়। এদিকে, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টের কাছে চলন্ত ট্রেন থেকে নামার সময় অজ্ঞাতনামা এক শিশু (১২) ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।নরসিংদী রেলওয়ে ফাঁড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) চম্পক চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নরসিংদী স্টেশনের কাছে দুর্ঘটনায় নিহত দুজন মা ও ছেলে হতে পারে।ভৈরব রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান জানান, নিহত তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।