নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, পাঁচজন নিহত
নরসিংদী সদর উপজেলার দস্তরদী গ্রামে গত রোববার দিবাগত রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে পাঁচজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের কারও পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ১২-১৩ জনের ডাকাত দল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বীণারচর গ্রামের পনির হোসেনের বাড়িতে হানা দেয়। সেখানে ডাকাতি শেষে ডাকাতেরা পালানোর সময় ওই বাড়ির লোকজন চির্যাকার শুরু করে। তাদের চির্যাকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এতে ডাকাত দল পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে তারা নরসিংদীর সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের দস্তরদী গ্রামে ঢুকে পড়ে। বিষয়টি জানতে পেরে দস্তরদী গ্রামের লোকজনও ডাকাতদের ধাওয়া করে এবং দস্তরদী গোঙ্গারচক এলাকায় দুজনকে ধরে পিটুনি দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনজন গ্রামের একটি বাঁশঝাড়ে ঢুকে পড়ে। গ্রামবাসী ওই বাঁশঝাড়ে আগুন ধরিয়ে দিলে তারা বাঁশঝাড় থেকে বেরিয়ে আসে। গণপিটুনিতে ওই তিনজনও ঘটনাস্থলে মারা যায়। অন্য ডাকাতেরা পালিয়ে যায়।এলাকাবাসী জানায়, ধাওয়ার সময় আড়াইহাজারের গাজীপুরা গ্রামের নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এক ডাকাত। নজরুলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দস্তরদী গ্রামের কামাল মিয়া জানান, ভোর চারটার দিকে গ্রামে ডাকাত ঢোকার কথা মসজিদের মাইকে ঘোষণা করা হয়। ঘোষণার সঙ্গে সঙ্গে লোকজন ডাকাতদের প্রতিরোধে নেমে পড়ে।নরসিংদীর মাধবদী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) কে এম আজিজ জানান, ডাকাতি হয়েছে আড়াইহাজার এলাকায়। গ্রামবাসীর ধাওয়ায় ডাকাতেরা দস্তরদী গ্রামে ঢুকে পড়লে গণপিটুনিতে পাঁচজন মারা যায়। এখন পর্যন্ত কারও নাম-পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার সকাল নয়টার দিকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন জানান, সুতার দাম বেড়ে যাওয়ায় আড়াইহাজারের বিপুলসংখ্যক তাঁতকল বন্ধ হয়ে গেছে, অনেকে বেকার হয়ে পড়েছে। এ কারণে এলাকায় ডাকাতির ঘটনা কিছুটা বেড়েছে। গত এক মাসে কমপক্ষে ৩০ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।