নরসিংদীতে ডাকাতদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার মাহমুদাবাদ এলাকায় আজ রোববার সকালে মাইক্রোবাসে ডাকাতদের ছুরিকাঘাতে দুলাল মিয়া (৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই হেলাল মিয়া। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলা গ্রামে।নিহতের বড় ভাই স্বপন মিয়া জানান, দুলাল ও হেলাল আজ সকাল নয়টার দিকে ঢাকায় যাওয়ার উদ্দেশে আশুগঞ্জের বাড়ি থেকে বের হয়। দুলাল মোটর পার্টসের ব্যবসায়ী। আশুগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে তাঁরা একটি মাইক্রোবাস দেখে তাতে ওঠেন। তাঁকে এ তথ্য জানিয়েছেন একই মাইক্রোবাসে ওঠা ওই গ্রামের মাজু মিয়া। মাজু মিয়া জানান, মাইক্রোবাসটি সাড়ে নয়টার দিকে ভৈরবে এলে সেখান থেকে আরও ছয়জন যাত্রী ওঠে। মাইক্রোবাসটি নরসিংদীর বেলাব উপজেলার মাহমুদাবাদ এলাকায় এলে, পরে ওঠা ছয় যাত্রী ডাকাতি শুরু করে। দুলাল ও হেলাল বাধা দিলে ডাকাতেরা ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুলালের লাশ থানায় রাখা আছে। আহত হেলালকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।