নরসিংদীতে ডাকাতি, গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান ভূঁইয়ার বাড়িতে গত শুক্রবার রাত একটায় ডাকাতি হয়েছে। ডাকাতের এলোপাতাড়ি অস্ত্রের আঘাতে সাদেকুর রহমান ও তাঁর ভাই এমরান গুরুতর আহত হন। তাঁদের দুজনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশংকাজনক বলে চিকিত্সক জানান।বাড়ির পাশের ডোবা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে পুলিশ ধারণা করছে। চেয়ারম্যান সাদেকুর রহমানের পরিবারিক সূত্রে জানা গেছে, ডাকাতেরা ২৫ ভরি স্বর্ণালংকার, দু শ ডলার ও নগদটাকা নিয়ে গেছে। জানা গেছে, ১০-১২ জনের ডাকাতদল দরজা ভেঙে বাড়িতে ঢোকে। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে সাদেকুর রহমান ব্যক্তিগত পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোঁড়েন। এক পর্যায়ে গুলি শেষ হয়ে যায়। পরে ডাকাতরা চেয়ারম্যান ও তাঁর ভাইকে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপায়। এলাকাবাসীর প্রতিরোধের মুখে ডাকাতরা পালিয়ে যায়। পরে চেয়ারম্যানের বাড়ির পাশের ডোবার কাছে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম আহমেদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিটি ডাকাত দলের সদস্য বলে তাঁরা সন্দেহ করছেন। গুলিবিদ্ধ হয়ে ওই ডাকাতের মৃত্যু হয় বলে পুলিশ ধারনা করছে।