নরসিংদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ১২
নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় দুই চালকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে দেড় শ। আজ বুধবার বিকেলে চট্টগ্রামগামী আন্তনগর ‘মহানগর গোধূলি’ ও ঢাকাগামী মেইল ‘চট্টলা’ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি ট্রেনের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে গেছে। চট্টলা ট্রেনের একটি বগি মহানগর ট্রেনের ইঞ্জিনের ওপর উঠে যায়।আহত ব্যক্তিদের নরসিংদীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ছাড়াও গুরুতর আহত অন্তত ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের চারজন নরসিংদী জেলা হাসপাতালে এবং আটজন ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ রেলওয়ের বিভিন্ন বিভাগের নিরাপত্তাকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। রাত আটটার দিকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, স্থানীয় সাংসদ নজরুল ইসলাম, নরসিংদী-৩ আসনের সাংসদ জহিরুল হক এবং রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় রেলওয়ে এবং নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে কলোনির বাসিন্দা রেলের চালক জহির মিয়া, আখাউড়ার রেলওয়ে স্টেশনের নিরাপত্তাকর্মী মফিজুল ইসলাম, নরসিংদী সদরের বাদুয়ারচর গ্রামের হাফিজ উদ্দিন ও আখাউড়ার লোকমোটিভ শাখার অফিস সহকারী মোহাম্মদ উল্লাহ। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ কাছ দেখে দেখেছেন নরসিংদী শহরের পুরোনো জজকোর্টের ইব্রাহিম কবির। তিনি জানান, ‘আমি পার্শ্ববর্তী বটতলার একটি চায়ের দোকানে বসে চা খেয়ে স্টেশনের প্লাটফর্মের দিকে যাচ্ছিলাম। এমন সময় দেখি চট্টলা ট্রেনটি ১ নম্বর লাইনে দ্রুতগতিতে প্রবেশ করছে। অপরদিকে গোধূলি ট্রেনটিও ধীরগতিতে একই লাইনে প্রবেশ করছে। এ সময় দুই ট্রেনের গার্ডরা লাল পতাকা উড়িয়ে একে অপরকে থামার সংকেত দেয়। কিন্তু এরই মধ্যেই ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।’গোধূলির যাত্রী ব্রাহ্মণবাড়িয়া শহরের আলহাজ মো. দারু মিয়া বলেন, ‘কমলাপুর স্টেশন থেকে মহানগর ট্রেনটি বিকেল তিনটা ২৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। আমি ও আমার ছেলে আলাউদ্দিন ট্রেনের “ঘ” বগিতে ছিলাম। বিকেল পৌনে পাঁচটার দিকে নরসিংদী স্টেশনে যাত্রাবিরতির জন্য ট্রেনটির গতি কমিয়ে দেওয়া হয়। স্টেশনের কাছাকাছি আসায় নরসিংদী স্টেশনের যাত্রীরা নামার জন্য প্রস্তুতি নেয় এবং বগির দরজায় ভিড় করে। এমন সময় বিকট শব্দ হয়ে ট্রেনটি ঝাঁকুনি খায়। এতে গেইটে দাঁড়িয়ে থাকা অনেক যাত্রী নিচে ছিটকে পড়ে।’নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈই জানান, ‘আমারা ট্রেনের চালক ও সহকারী চালকসহ সাতজনের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি। এ ঘটনায় নরসিংদী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী আহসানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের জানান, প্রধান প্রকৌশলীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি বলেন, এটি নাশকতা না দুর্ঘটনা, তা-ও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।সহকারী স্টেশন মাস্টার জানান, ‘মূলত এক নম্বর লাইনে যাত্রাবিরতির জন্য মহানগরের সবুজ সিগন্যাল ছিল। কিন্তু মহানগর আসার আগেই চট্টলা ট্রেনটি হোমসিগন্যালে ঢুকে যায়। এরপর তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চট্টলা ট্রেনটি সিগন্যাল না মানার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।’দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করায় সাধারণ মানুষ দুর্ঘটনাস্থলে যেতে পারেনি। তবে গণমাধ্যমকর্মীদের দুর্ঘটনাস্থলে যেতে দেওয়া হয়। দেখা যায়, চট্টলা ট্রেনটির ইঞ্জিন ছিটকে লাইন থেকে পড়ে যায়। মহানগর ট্রেনটির ইঞ্জিন লাইনে দাঁড়িয়ে থাকলেও দুমড়ে মুচড়ে যায়। চট্টলা ট্রেনটির একটি বগি মহানগর ট্রেনের ইঞ্জিনের ওপর উঠে যায়। ওই বগিতে চারটি মৃতদেহ আটকে ছিল। রাত আটটার দিকে উদ্ধারকারী দল তাদের ও মৃতদেহগুলো বের করে আনে।কর্তব্যরত চিকিত্সক আজিজুল ইসলাম খান জানান, দুর্ঘটনায় আহত ৩০ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর বাকিদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।