নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার সওদাগরকান্দি গ্রামে গতকাল রোববার বিকেলে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সুমন মিয়া (২৮)।পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বড় মোল্লাবাড়ি ও আকবরবাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বিকেলে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে মোল্লাবাড়ির পক্ষের সুমন মিয়া ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ইউনুছ মিয়া প্রথম আলো ডটকমকে জানান, আহত ব্যক্তিদের মধ্যে ২৮ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। পাঁচজন ভর্তি রয়েছেন। চারজনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় হজরত আলী (৫৫), মলাই মিয়া (৪৫) ও আমানউল্লাহকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, নিহত সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।