নরসিংদীতে দুই পীরের সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
নরসিংদীর চরাঞ্চলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে খোকা মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। গতকাল শনিবার সকালে জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে কাশিমপুরী ও চরমোনাই পীরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।এ ঘটনায় পুলিশ ২৫ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নরসিংদী ও পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খোকা মিয়া কাশিমপুরী পীরের সমর্থক ও কাচারীকান্দি গ্রামের ইসমাইল মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, কাচারীকান্দি গ্রামে কাশিমপুরী পীরের সমর্থকদের নেতৃত্ব দিচ্ছেন সাইফ আলী, করিম মেম্বার, মান্নান মিয়া, অলপত আলী, শুক্কুর আলী ও সুজন মিয়া। চরমোনাই পীরের সমর্থকদের নেতৃত্বে আছেন ওসমান গণি, ইসমাইল মেম্বার, হোসেন মেম্বার, আইনুল হোসেন, শিশু মিয়া ও জয়নাল মিয়া। গত শুক্রবার দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষ টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই খোকা মিয়ার মৃত্যু হয়। আহত হয়েছেন শহিদ মিয়া (২৬), কবির (২৮), কমলা বেগম (৩০), আল-আমিন (২০), এজাজ মিয়া (২৫), কামাল (৩৫), আবদুল আলী (৩০), শাহ আলম (৩৫), হেলাল মিয়া (২৫), ওমর আলী (৪০), খোকন মিয়া (৩০), সাদেক মিয়া (৩০), নজরুল ইসলাম (৫০), হারিছ মিয়া (১৪), ফারুক মিয়া (২৬) হানিফা মিয়াসহ (৪০) ৩০ জন। খবর পেয়ে রায়পুরা ও নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা চালিয়েও পাড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর চাচাতো ভাই কাউছার মিয়া জানান, শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলে খোকা মিয়া মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এজাজ মিয়া ও ফারুক মিয়া নামের আরও দুজনের মৃত্যু হয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর আমরাও শুনেছি। কিন্তু আজ (শনিবার) বিকেল পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ পুলিশের উপস্থিতি টের পেয়ে নদী দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ২৫ জনকে আটক করেছে।