নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল মঙ্গলবার সকালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।নিহত ব্যক্তিরা হলেন: ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ন্যাশনাল সেলস এক্সিকিউটিভ মো. আজহারুল আমিন (৩৫), সোহাগ পরিবহনের চালক আবদুল মজিদ (৩৫) ও তাঁর সহকারী মজিব মিয়া (২০), ঢাকা ভূমি অধিদপ্তরের রেকর্ড শাখার চেইনম্যান মোহাম্মদ আলী (৪০), নরসিংদীর শিবপুরের কুমারদী গ্রামের মোজ্জাম্মেল হোসেন (৪০) ও বুলবুল আহমেদ (৪০), একই উপজেলার বন্যার বাজার গ্রামের আতিকুর রহমান (৩০), সালুরদিয়া গ্রামের সোহেল মিয়া (৩৫), মুনসেফচর গ্রামের শাহনাজ আক্তার (৩২), শাষপুর গ্রামের শিবলী রেজা (২৮), তেলিয়া গ্রামের আমির হোসেন (৩০), নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের তপন দেবনাথ (৪০), ঢাকার উত্তর বাসাবো এলাকার আলীমুজ্জামানের স্ত্রী সোনিয়া আক্তার (২৭) ও তাঁর ছেলে মাহিন ইসলাম (৩), ঢাকার শনির আখড়া এলাকার হারুন অর রশিদ (৪০) ও অজ্ঞাত এক পুরুষ।নিহত ব্যক্তিদের মধ্যে ঘটনাস্থলে সাতজন, নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর ছয়জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনজন।পুলিশ, বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী সোহাগ পরিবহনের একটি বাস সকাল নয়টার দিকে শিবপুরের বিসিক শিল্প এলাকা অতিক্রম করছিল। একই সময় বিপরীত দিক দিয়ে আসছিল মনোহরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাস। বাস দুটি কাছাকাছি হওয়ার সময় সোহাগ পরিবহনের বাসটির সামনের ডান পাশের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাঁ পাশ থেকে ডান পাশে চলে গেলে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহাগ পরিবহন বাসটির সামনের অংশ ভেদ করে ঢুকে পড়ে অপর বাসটির সামনের অংশ। বিকট শব্দ হওয়ার কারণে স্থানীয় লোকজন ভয় পেয়ে থমকে গেলেও পরে উদ্ধারকাজে তারা এগিয়ে আসে। রক্তাক্ত অবস্থায় মৃত ও আহত যাত্রীদের টেনে বের করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার অন্তত এক ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। এর কিছু সময় পর পৌঁছায় উদ্ধারকারী যান।প্রত্যক্ষদর্শী স্থানীয় ভ্যানচালক মো. হিরন মিয়া বলেন, ‘রক্ত দেইখা মাথা নষ্ট হইয়া যাইবার মতো অবস্থা। এর পরও টাইনা মানুষ বাইর করছি।’দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারক করছিলেন শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) জসিমউদ্দিন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটির মধ্যে মনোহরদী থেকে ছেড়ে আসা বাসটি স্থানীয় সৈয়দনগর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। সোহাগ পরিবহনের বাসটি মহাসড়কের পাশে পুলিশের হেফাজতে রাখা আছে।দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আক্কাছ উদ্দিন। তিনি প্রথম আলোকে জানান, সড়ক বিভাজক থাকলে হয়তো এ দুর্ঘটনা ঘটত না।প্রধানমন্ত্রীর শোক: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।