নরসিংদীতে দুটি বাসের সংঘর্ষে ছয়জনের মৃত্যু
নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল রোববার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈশা খাঁ পরিবহনের একটি বাসের সঙ্গে ভৈরবগামী চলনবিল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।এতে ঢাকা-সিলেট মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। মহাসড়কের উভয় পাশে অন্তত পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হলে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাড়িগ্রামের শরীফা খাতুন (৬০) ও নান্দাইল সদরের লাকী বেগম (৩০) এবং ঢাকার উত্তর পীরেরবাগের ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে ফয়সাল (৯) ও ভাতিজি তানজিনা (১৩)। এ ছাড়া নিহত ব্যক্তিদের মধ্যে আনুমানিক ২০ ও ৩০ বছর বয়সী দুই নারী রয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই ঈশা খাঁ পরিবহনের যাত্রী।পথচারী রবিউল ইসলাম (৩০) জানান, কারারচর এলাকার সেতুটি অপেক্ষাকৃত সরু। পাশাপাশি দুটি বাস অতিক্রম করতে গেলে মাঝখানে সামান্য জায়গা থাকে। এই অবস্থায় দুপুর পৌনে তিনটার দিকে সেতু অতিক্রমের সময় ঈশা খাঁ পরিবহনের বাসটি আরেকটি বাসকে অতিক্রম করে। এ সময় বিপরীত দিক থেকে আসা চলনবিল পরিবহনের বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঈশা খাঁ পরিবহনের বাসটি ছিটকে ৪০ ফুট নিচের খাদে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে সড়কের মধ্যে উল্টে যায় চলনবিল পরিবহনের বাসটি।দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী বাসের ভেতর আটকে থাকা যাত্রীদের বের করে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে পাঠান। কিছুক্ষণ পর উদ্ধার কাজে যোগ দেন নরসিংদী ও শিবপুর থানার পুলিশ এবং নরসিংদীর ফায়ার সার্ভিস ইউনিট। এর দেড় ঘণ্টা পর বিকেল সোয়া চারটার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে থাকে।নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত সালাউদ্দিন মিয়া জানান, তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। পরিবার নিয়ে ঢাকায় থাকেন। মায়ের অসুস্থতার কথা জেনে পরিবারের আট সদস্যকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। চিকিৎসা করানোর জন্য মাকে নিয়ে ঢাকায় ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় ছেলে ফয়সালসহ পরিবারের দুই সদস্যকে হারান। আর আহত হন সবাই।গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ভাওয়াল গ্রামের শামীমা বেগম ও জাহেরা খাতুন; বরুয়া গ্রামের মতি মিয়া, জহুর মিয়া, জহির মিয়া ও আলী আক্কাছ, ঢাকার উত্তর পীরেরবাগ এলাকার সালাউদ্দিন মিয়া, জুলেখা বেগম, রিফাত ও রোকেয়া খাতুন; ময়মনসিংহের কেন্দুয়া উপজেলার জামাল মিয়া, নান্দাইলের শাহারী মিয়া, রাসেল মিয়া ও রিনা বেগম; নরসিংদীর মাধবদীর রুমা বেগম, মিনা বেগম ও রোকেয়া বেগম; শিবপুর উপজেলার কুমারদী গ্রামের শাহজাহান মিয়া, কামারগাও গ্রামের আছিয়া বেগম ও হূদয় মিয়া; কারারচর গ্রামের জামাল মিয়া এবং হাজীপুর গ্রামের সুন্দর আলী।নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শহীদুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশের পাশাপাশি আমাদের একটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। বাসের নিচ থেকে চারজন ও ভেতর থেকে আরও দুই যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।শিবপুর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) জেসমিন বেগম বলেন, নিহত ছয় যাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।