নরসিংদীতে দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ কারারচরে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তাঁর নাম মো. সিদ্দিকুর রহমান (১৮)। তিনি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি। এতে মোটরসাইকেলের অপর আরোহী ওবায়দুর রহমান আহত হন। নিহত মো. সিদ্দিকুর রহমানের বাড়ি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামে। আর ওবায়দুর রহমানের বাড়ি পূর্ব পলাশ এলাকায়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সিদ্দিকুর ও ওবায়দুর মোটরসাইকেলে নরসিংদীর ব্রা‏হ্মনদী থেকে শিবপুরের ইটাখোলার দিকে যাচ্ছিলেন। দক্ষিণ কারারচর এলাকায় তাঁদের মোটরসাইকেলটি সিলেটগামী একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটানোর চেষ্টা করে। তখন বিপরীত দিক দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিদ্দিকুর নিহত হন। আহত উজ্জ্বলকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার বলেন, অসচেতনার জন্যই দুর্ঘটনায় সিদ্দিকুর নিহত হয়েছেন।