নরসিংদীতে নিরাপত্তাকর্মীর গুলিতে ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে নিরাপত্তাকর্মী গুলিতে মাহফুজুর রহমান নামে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নরসিংদী বাজারের সুতাপট্রি এলাকায় ইসলামী ব্যাংকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তাকর্মী সেলিম রেজাকে পুলিশ আটক করেছে । পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা জানান, সন্ধ্যা ছয়টার দিকে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার খোরশেদ আলম, ক্যাশিয়ার শফিকুল ইসলাম, কর্মকর্তা মাহফুজুর রহমান ও নিরাপত্তাকর্মী সেলিম রেজা ব্যাংকের নিচতলায় এটিএম বুথের মেশিনে টাকা সংরক্ষণ করতে যান। সংরক্ষণ শেষে তাঁরা ব্যাংকের ওপরের তলায় উঠছিলেন। এ সময় হঠাত্ গুলির শব্দে সবাই আঁঁতকে ওঠেন। সবাই নিচে নেমে দেখেন রক্তাক্ত অবস্থায় মাহফুজুর রহমান মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন। উপস্থিত কর্মকর্তারা তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।অভিযুক্ত নিরাপত্তাকর্মী সেলিম রেজা পুলিশ ও সাংবাদিকদের বলেন, ‘এটিএম বুথের মেশিনে টাকা ভরার পর আমি শর্টগানের গুলি আনলোড করছিলাম। ওই সময় হাত ফসকে স্ত্রিংয়ে চাপ লেগে গুলি বের হয়ে যায়। আমার পাশে যে স্যার ছিল, তা আমার খেয়াল ছিল না। ওই সময় শর্টগানের গুলিটি গিয়ে মাহফুজ স্যারের শরীরে লাগে।’ব্যাংকের প্রিন্সিপাল অফিসার খোরশেদ আলম বলেন, ‘নিচ তলায় শব্দ শুনে আমি ছুটে যাই। দেখি, মাহফুজুর রহমান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। আমি তাত্ক্ষণিক তাকে হাসপাতালে পাঠালে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিরাপত্তাকর্মীর শর্টগানের গুলিতে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা না হত্যা, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ঘটনায় নিরাপত্তাকর্মী সেলিম রেজাকে আটক করা হয়েছে।