নরসিংদীতে নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ১০
নরসিংদীর মনোহরদী পৌরসভায় বিএনপির প্রার্থী আবদুল খালেকের পক্ষে প্রচারণা চলানোর সময় আওয়ামী লীগ-সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ শাহজাহানসহ ১০ জন আহত হয়েছেন।আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মনোহরদী বাজার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।বিএনপির নেতা-কর্মী ও প্রত্যক্ষদশীরা জানায়, মনোহরদী বাজার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আবদুল খালেকের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীনের নেতৃত্বে প্রচারণা চালাচ্ছিল বিএনপির নেতা-কর্মীরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে জয়নাল আবদীনসহ ১০ জন আহত হয়। আহতদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।জয়নাল আবেদীন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হামলায় তিনি নিজে, অধ্যক্ষ শাহজাহান, প্রার্থীর ভাতিজা আবুল কাশেম, আলাউদ্দিন, দোলনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো মামলা দায়ের করেনি। তবে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।আওয়ামী লীগের স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, এ হামলার বিষয়টি স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই ঘটেছে। আর এখন নির্বাচনের আগে ঘটনার দায়ভার আওয়ামী লীগের ওপর চাপানো হচ্ছে।