নরসিংদীতে পুলিশের নির্যাতনে আসামির মৃত্যু
নরসিংদীতে পুলিশের নির্যাতনে নাঈম মিয়া (১৮) নামে এক আসামির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।আজ রোববার সকালে নরসিংদী জেলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।নিহতের পরিবারের সদস্যদের দাবি, সম্পূর্ণ সুস্থ অবস্থায় নাঈমকে ধরে নিয়ে থানায় রেখে নির্যাতন করে পুলিশ। এ কারণেই এক দিনের ব্যবধানে নাঈমের মৃত্যু হয়।পুলিশের দাবি, নাঈম ডাকাতি করে লুটের টাকা নিয়ে পালানোর সময় জনতার পিটুনির শিকার হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের আনারস ব্যবসায়ী ফিরোজ মিয়া নরসিংদী সদর উপজেলার জিনারদী থেকে ব্যবসায়িক লেনদেন শেষে এক লাখ ৩৮ হাজার টাকা পায়। ওই টাকা নিয়ে তিনি বাস ধরার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলা নগর বাসস্ট্যান্ডে আসেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় কয়েকজন ডাকাত এসে তাঁকে অপহরণ করে শিবপুরের কারারচর খাসমহল এলাকায় নিয়ে গিয়ে ফিরোজ মিয়ার সব টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।ফিরোজ মিয়ার চিত্কারে স্থানীয় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে শিবপুর উপজেলার চরসুজাপুর গ্রামের সাখাওয়াত হোসেন (২০) ও নরসিংদী পৌর এলাকা তরোয়া মহল্লার ইব্রাহীম মিয়াকে (২৫) আটক করে। পরে অভিযান চালিয়ে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গহেষপুর গ্রামের নাঈম মিয়াকেও আটক করে শিবপুর থানা পুলিশের হেফাজতে নেয় পুলিশ।অভিযোগ মতে, পুলিশ আটক করা ওই তিনজনকে বেদম মারধর করে। এতে অবস্থার অবনতি হলে প্রথমে তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নাঈমের অবস্থার অবনতি হলে চিকিত্সকের পরামর্শে তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাতেও নাঈমের অবস্থার উন্নতি না হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবারও নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। এ অবস্থায় আজ সকাল আটটার দিকে নাঈমের মৃত্যু হয়।শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নাঈমকে এলাকাবাসী ডাকাত হিসেবেই জানে। তবে ঘটনার দিন নাঈম গণপিটুনির শিকার হননি।সদর মডেল থানা উপপরিদর্শক (এসআই) কাসিফ ছানোয়ার বলেন, ‘নাঈমকে আমি ধরে শিবপুর থানা পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছি। তখন সে অক্ষত ছিল। জনতা তাঁকে মারধর করতে পারেনি।’শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার প্রথম আলোকে বলেন, নাঈম মূলত জনতার গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন। পুলিশ তাঁকে কোনো ধরনের নির্যাতন করেনি। এ ব্যাপারে শ্রীমঙ্গলের ব্যবসায়ী ফিরোজ মিয়া বাদী হয়ে একটি ডাকাতির মামলা করেছেন।