নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১
নরসিংদী পৌর শহরের রাঙ্গামাটি মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম মো. ইসমাইল মিয়া (২২)। এলাকায় মো. ইসমাইল মিয়া ও হাসেম মিয়ার নেতৃত্বের দুই পক্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।আজ শুক্রবার জুমার নামাজের সময় শহরের মাদক জোন হিসেবে পরিচিত রাঙ্গামাটি ঈদগাহ মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসমাইলের বাড়ি নরসিংদী পৌর শহরের রাঙ্গামাটি পানির ট্যাংকি বস্তি এলাকায়। এ ঘটনায় নরসিংদী রেলস্টেশন কলোনি এলাকা থেকে নাসিম মিয়া নামের একজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাঙ্গামাটি ও কাজীর মার্কেট এলাকা মাদক জোন হিসেবে পরিচিত। নিহত ইসমাইল ও তাঁর সহযোগীরা সম্প্রতি অন্য গ্রুপের প্রধান তারেক মিয়ার দুই হাত কেটে নেয়। পরে এ ঘটনায় ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হলেও কয়েক দিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। আজ বেলা দেড়টার দিকে ঈদগাহ মাঠ এলাকায় ইসমাইলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে নামাজের শেষে স্থানীয় ব্যক্তিরা মসজিদ থেকে বের হয়ে ইসমাইল মিয়াকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তারেক গ্রুপের লোকজনই তাঁকে হত্যা করেছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ইসমাইলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।