নরসিংদীতে প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ১২ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বিএনপির নেতা নেওয়াজ আলী মেম্বার ও আওয়ামী লীগের নেতা ফরহাদ মিয়ার পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন—আওয়ামী লীগের নেতা ফরহাদ গ্রুপের অনন্তরামপুর গ্রামের সুলতান মেম্বারের ছেলে নবী মিয়া (৪৮), একই গ্রামের বাছেদ মিয়া (২৮), অলেক মিয়া (৩০), মনোয়ারা বেগম (৪৫), খোরশেদ মিয়া (২৭), সারফিন মিয়া (২৫) ও শাজাহান মিয়া (২৫)। আর বিএনপির নেতা নেওয়াজ আলী মেম্বারের পক্ষের আলমগীর হোসেন (৩৫), মিস্টার আলী (২০), সিফর আলী (২৫) ও রত্না বেগম (৩৫)। এঁদের মধ্যে গুরুতর অবস্থায় আলমগীর, নবী, বাছেদ, মনোয়ারা ও অলেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে ফরহাদ গ্রুপের মোরশেদ মিয়া ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুরে কাঠের ব্যবসায় জড়িত ছিলেন। ওই সময় তিনি নেওয়াজ আলী মেম্বারের জামাতার পরিচিত স্থানীয় এক ব্যক্তির কাছে বাকিতে প্রায় এক লাখ ৮০ হাজার টাকার কাঠ বিক্রি করে। কাঠ বিক্রির টাকা গত দুই বছরে নিতে না পারায় নেওয়াজ আলী ও মোরশেদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। একসময় ফরহাদের গ্রুপও মোরশেদের পক্ষ নিয়ে এ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ বিবাদের মীমাংসার জন্য গতকাল বুধবার বিকালে নরসিংদী সদর মডেল থানায় ওসির উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে এর সমাধানও করে দেওয়া হয়। কিন্তু এ ঘটনার জের ধরে আজ ভোরে নেওয়াজ আলী মেম্বারের পক্ষের লোকজন ফরহাদ মিয়ার লোকজনের ওপর হামলা করে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গতকাল থানায় বৈঠকে মীমাংসার পর আজ সকালে তারা টেঁটাযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।