নরসিংদীতে বগি লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের আউটার সিগন্যালে ঈশা খাঁ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে পাঁচটি রেলসড়কে প্রায় আড়াই ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-নোয়াখালী ও ঢাকা-কুমিল্লাসহ পাঁচটি রেলসড়কে সব ধরনের রেল চলাচল বন্ধ থাকে।হাঁটুভাঙার স্টেশনমাস্টার নুরুল ইসলাম জানান, ট্রেনটি ময়মনসিংহ থেকে ভৈরব হয়ে ঢাকা আসছিল। পথে আউটার সিগন্যালে ডিসি ওয়াগন মালবাহী একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে চট্টলা এক্সপ্রেস ও নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেন দুটি আটকে পড়ে।আমিরগঞ্জ রেলস্টেশনের মাস্টার গোলাম নবী মিয়া প্রথম আলোকে জানান, বিকেল সাড়ে চারটার দিকে মেথিকান্দা থেকে চট্টলা ট্রেনের ইঞ্জিন নিয়ে এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। পরে বগিটি খানাবাড়ি নেওয়া হলে পুনরায় রেল চলাচল শুরু হয়।