নরসিংদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের কুণ্ডারপাড়া এলাকায় আজ শনিবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ার চরের লালপুর গ্রামের কালাম মিয়া (১৫), একই উপজেলার বাজরা গ্রামের জসিম মিয়া (৩৪), ভৈরবের গজারিয়া গ্রামের কাওসার মিয়া (২৮), নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের রশিদ মিয়া (২৯), সররাবাদ গ্রামের মাসুদ রানা (৩৬) ও হোসেন মিয়া (৩২)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে কুণ্ডারপাড়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ঢাকাগামী ‘স্বপ্ন বিলাস’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত ২০ জনকে নরসিংদী সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেদায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।