নরসিংদীতে বাস ডাকাতি শেষে গণপিটুনিতে একজন নিহত, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় গতকাল শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে আনিসুর রহমান নামের একজন নিহত হয়েছেন। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। ডাকাতের ছুরিকাঘাতে ছয় যাত্রী আহত হয়েছে।পুলিশ বলছে, গণপিটুনিতে নিহত ব্যক্তি গ্রীন লাইন বাসে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। আটক ব্যক্তিরা হলেন—অনন্ত মিয়া (২৫), মাহাবুব আলম (৩৫), বিজয় দেবনাথ (৩০) ও মাসুদুর রহমান (২৬)। তাঁদের মধ্যে অনন্তের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল, মাহাবুব আলমের বাড়ি ময়মনসিংহ সদরের দৌপাউড়া, বিজয় দেবনাথের বাড়ি নরসিংদীর পলাশ ও মাসুদুর রহমানের বাড়ি খুলনার দৌলতপুর সদরে।যাত্রীরা জানায়, গতকাল রাত দেড়টার দিকে ঢাকার মালিবাগ এলাকার গ্রীন লাইন স্ট্যান্ড থেকে সিলেটের উদ্দেশে বাসটি ছেড়ে আসে। রাত পৌনে তিনটার দিকে নারায়ণপুর এলাকায় এলে আট থেকে ১০ জনের যাত্রীবেশী ডাকাতের দলটি প্রথমে অস্ত্রের মুখে চালকের পরে যাত্রীদেরও জিম্মি করে। শুরুতে কয়েকজন যাত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হলে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। ডাকাতেরা যাত্রীদের মুঠোফোন সেট, নগদ টাকাসহ পাঁচ থেকে ছয় লাখ টাকার মালামাল লুটে নেয়। নারায়ণপুরের কিছুটা সামনে গিয়ে তারা নেমে পড়ে। এ সময় যাত্রীরা ‘ডাকাত ডাকাত’ বলে চিত্কার শুরু করে। যাত্রীদের চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং পরে ধাওয়া করে পাঁচজনকে ধরে ফেলে। উপস্থিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই আনিসুর রহমানের মৃত্যু হয়। বাকি চারজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ খান প্রথম আলোকে বলেন, নিহত আনিসুর রহমান গ্রীন লাইন বাসে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। জনতার পিটুনিতে তাঁর মৃত্যু হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।