নরসিংদীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে আবুল কাসেম নামে বিএনপির এক নেতাকে অস্ত্র দিয়ে কুপিয়ে ও টেঁটা বিদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার নরসিংদীর সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের উত্তর চর ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম স্থানীয় পাইকারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মেঘনা বাজারের একটি দোকানের মালিক। গতকাল শনিবার রাত আটটার দিকে মেঘনা বাজারের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আবুল কাসেমকে কে বা কারা ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের উত্কণ্ঠিত লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। পরে আজ সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন মেঘনা বাজারের স্লুইচ গেইটের উত্তর পাশে মেঘনা নদী থেকে আবুল কাসেমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় মেঘনা বাজারের একটি দোকানের দখল নিয়ে নিহত আবুল কাসেমের সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। এর জের ধরেই ২০০৮ সালে তাঁর ছেলেকে হত্যা করা হয়। নিহতের ছোট ছেলে আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা ধারণা করছি, আমার বড় ভাই আলমগীরকে যারা হত্যা করেছে, আমার বাবাকেও তারাই হত্যা করেছে।’নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিহত আবুল কাসেমের মাথায় ধারালো অস্ত্র ও টেঁটার আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গলায় মাফলার পেঁচানো ছিল। প্রাথমিক তদন্তে আমাদের ধারণা, পরিচিত কেউ তাঁকে দোকান থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে পূর্ব ঘটনার সম্পৃক্ততা আছে কি না, আমরা তা খতিয়ে দেখছি। লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।