নরসিংদীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদীর ঘোড়াশাল পৌর বিএনপির কার্যালয়ে ঢুকে জেলা বিএনপির সদস্য পতিক উল্লাহকে (৪০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বাধা দিলে স্থানীয় একটি মসজিদ পরিচালনা কমিটির চার সদস্যকে জখম করা হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।পলাশ উপজেলার ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের এক নেতার সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।এ নিয়ে গত ১৫ মাসে নরসিংদীতে বিএনপি ও আওয়ামী লীগের কমপক্ষে নয়জন নেতা খুন হয়েছেন। ২০১১ সালের ১ নভেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে থাকার সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।পতিক উল্লাহ জেলা জিয়া পরিষদের সভাপতি ও পলাশ উপজেলা যুবদলের সাবেক সভাপতি। তিনি ঘোড়াশাল এলাকার প্রয়াত আবদুল মজিদ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নোয়াব আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে পতিক উল্লাহর বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে সাত-আটজন সন্ত্রাসী রামদা, চাপাতিসহ দেশি ধারালো অস্ত্র নিয়ে ঘোড়াশাল পৌর বিএনপির কার্যালয়ে ঢুকে পতিক উল্লাহকে কোপাতে শুরু করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ঘোড়াশালের জিনারদী বায়তুল মুহাদ্দেস জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও কমিটির সদস্য সুজন মিয়া, সাইফুল ইসলাম ও রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন পতিক উল্লাহকে গুরুতর আহতাবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেলা হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পতিক উল্লাহর মুখ, ঘাড়, পিঠ, হাত ও পায়ে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। প্রচুর রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘জিনারদীতে একটি ওয়াজ মাহফিলের দাওয়াত নিয়ে বিএনপির কার্যালয়ে পতিক ভাইয়ের কাছে যাই। তাঁর হাতে দাওয়াতপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি, সাত-আটজন লোক রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে পতিক ভাইকে কোপাতে শুরু করে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাদেরও কোপায়। পরে আর কিছু বলতে পারি না।’হামলাকারীদের আগে কখনো পলাশ উপজেলায় দেখা যায়নি বলে জানান মনিরুজ্জামান।নাম প্রকাশে অনিচ্ছুক পতিক উল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার রাতে পতিকের সঙ্গে যুবলীগের নেতা জাবেদের সমর্থক হিসেবে পরিচিত তৌফিক, মিলন ও তুহিনের বাগিবতণ্ডা হয়। তবে কী কারণে হয়েছে, তা বলতে পারছি না।’ নিহত ব্যক্তির ছোট ভাই মো. মতি উল্লাহ বলেন, ‘বড় ভাইকে কারা কী কারণে হত্যা করেছে, আমরা এখনো নিশ্চিত নই। তবে রাজনৈতিক কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি।’পতিক উল্লাহর সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে যুবলীগের নেতা সৈয়দ জাবেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত পতিক উল্লাহর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। তাঁর সঙ্গে আমার কখনো কোনো বিরোধ ছিল না। এখন আমার বিপক্ষে কথা বলে রাজনৈতিক কারণে হয়তো কেউ ফায়দা লোটার চেষ্টা করছে।’পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, লাশ নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।লাশ দাফন শেষে মামলা করা হবে বলে নিশ্চিত করেছেন মতি উল্লাহ।