নরসিংদীতে বিএনপির ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বিএনপির ১৯ নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তাদের বিরুদ্ধে হরতাল চলাকালে ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগ আনা হয়। পুলিশ ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ খায়রুল কবির, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি মো. পান্না প্রমুখ।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ মামলায় এম এ সালাম পাঠান, আসাবুল্লাহ, জাহেদুল ইসলাম, স্বপন সরকার, আ. মান্নান ও জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ মামলাটিকে বিরোধী দলের প্রতি সরকারের দমন নীতির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে নরসিংদী জেলা বিএনপি। দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করছিলাম। শান্তির পরিবেশে আঘাত হানে পুলিশ। আজ তাঁরাই আবার আমাদের বিরুদ্ধে মামলা করেছে। বিষয়টি গণতান্ত্রিক দেশে স্বৈরতান্ত্রিক আচরণ ছাড়া আর কিছুই নয়।’ প্রসঙ্গত, নরসিংদীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়।