নরসিংদীতে বিচারপতি মিজানুরকে অবাঞ্ছিত ঘোষণা
হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়াকে নিজ এলাকা নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ব্লগার আহমেদ রাজীব হায়দার সম্পর্কে সাম্প্রদায়িক ও উসকানিমূলক লেখা ছাপিয়ে সুপ্রিম কোর্টে বিতরণ এবং তাঁকে মুরতাদ বলে আখ্যায়িত করার প্রতিবাদে এই বিচারপতিকে অবাঞ্ছিত ঘোষণা করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা সেক্টর কমান্ডারস ফোরাম।আজ বুধবার বেলা আড়াইটার দিকে নরসিংদী জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়া নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মীর্জানগর আটকান্দি ভূঁইয়াবাড়ির মজিবুর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি নিহত ব্লগার রাজীব হায়দার সম্পর্কে যে অশোভন ও অশালীন মন্তব্য করেছেন, তা অসাংবিধানিক। দেশজুড়ে সবাই যখন শাহবাগের গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ঐকমত্য প্রকাশ করছেন, তখন এই বিচারপতি বিচারকার্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হীন চক্রান্তে লিপ্ত হয়ে জামায়াতপ্রীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি আমাদের নরসিংদী তথা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছেন। আমরা লজ্জিত যে, তিনি আমাদের নরসিংদীর সন্তান। তিনি নরসিংদী আসার অধিকার হারিয়ে ফেলেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোতালিব পাঠান, সহকারী কমান্ডার আবদুল হক, সেক্টর কমান্ডারস ফোরামের (সদর) সভাপতি মোজাম্মেল হোসেন ভুঁইয়া, শিবপুর উপজেলা কমান্ডার আজিজুর রহমান খান প্রমুখ।