নরসিংদীতে বয়লার বিস্ফোরণে মৃত্যু ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শহরের সাহেপ্রতাব এলাকায় আজ মঙ্গলবার ভোরে একটি কারখানার বয়লার বিস্ফোরণে স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।নিহত ব্যক্তিরা হলেন আল আমিন (২২), বেগম আক্তার (৪০) ও হাশিম মিয়া (১৪)। হাশিম স্থানীয় বাঘহাটা নূর আফতাব উদ্দিন আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শহরের সাহেপ্রতাব এলাকায় মেসার্স মকবুল ভূঁইয়া ক্যালেন্ডার অ্যান্ড ফিনিশিং মিলের বয়লার বিস্ফোরিত হয়। এতে ওই কারখানার শ্রমিক আল আমিন, কারখানার পাশে বাড়ির বেগম আক্তার ও হাশিমের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, বয়লার বিস্ফোরণের কারণ এখনো বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত হবে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।