নরসিংদীতে মান্নান ভূঁইয়ার শেষ জানাজা
প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার তৃতীয় ও শেষ জানাজা নরসিংদীর শিবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে অনুষ্ঠিত হয়। জানাজায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। শিবপুরে শহীদ আসাদ কলেজসংলগ্ন ধানোয়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এর আগে বায়তুল মোকাররম মসজিদে মান্নান ভূঁইয়ার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। তাঁর প্রথম জানাজা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জানাজায় বিভিন্ন দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।গতকাল মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে মান্নান ভূঁইয়া রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিমউদ্দিন গতকাল রাত সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। সকালে তাঁর মরদেহ গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয়।মান্নান ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর শুভানুধ্যায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা স্কয়ার হাসপাতালে ভিড় করেন। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা মৃত্যুর আগে থেকেই মান্নান ভূঁইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে ছিলেন।প্রায় ১১ বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালনকারী মান্নান ভূঁইয়া বিগত চারদলীয় জোট সরকারে স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও জিততে পারেননি। তিনি চারবারের নির্বাচিত সাংসদ ছিলেন।এ বছরের প্রথম দিকে মান্নান ভূঁইয়ার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে । উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসার পর অনেকটা মুমূর্ষু অবস্থায় দেশে ফিরিয়ে এনে ৭ জুলাই তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।মান্নান ভূঁইয়া ১৯৪৩ সালের ৩ জানুয়ারি নরসিংদীর শিবপুরে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।