নরসিংদীতে মেয়েকে উত্ত্যক্তে বাধা দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম
নরসিংদীর বেলাব উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়ায় ইসমাইল হোসেন (২২) নামের এক বখাটে ছাত্রীটির বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। উপজেলার আমলাব ইউনিয়নের রানগায়ের টেক গ্রামে আজ শনিবার সকালে দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম ওরফে ধন মিয়া।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় এক স্কুলের ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে ইসমাইল তার গতিরোধ করে। এ সময় ওই ছাত্রী চিত্কার দিলে ইসমাইল তাকে রাস্তার পাশে ধানখেতে টেনে-হিঁচড়ে নিয়ে মারধর করতে থাকে। ছাত্রীর বাবা সাইফুল ইসলাম ওই পথ দিয়েই যাচ্ছিলেন। এতে বাধা দিলে ইসমাইল তার কাছে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলামকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার প্রতিবাদে স্থানীয় আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসমাইলের বাড়ির একটি মুদির টং দোকানে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া তারা বখাটের বাড়িতে থাকা মুরগির খামারও ভাঙচুর করে।জানা গেছে, কিছুদিন আগে ওই ছাত্রীসহ অন্য মেয়েদের রাস্তায় উত্ত্যক্ত করায় বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূঁইয়ার উপস্থিতিতে গ্রাম্য সালিসে ইসমাইলকে জুতাপেটাসহ জরিমানা ও নাকে খত দেওয়ানো হয়েছিল। তার বিরুদ্ধে বেলাব থানায় একটি সাধারণ ডায়েরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বটেশ্বর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম ফারুক বলেন, ইসমাইল এর আগেও ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ জন্য তাকে বেশ কয়েকবার সতর্ক করে দেওয়া হয়েছিল। আবার সে এ ধরনের অপরাধ করায় গ্রাম্য সালিসে তাকে জরিমানাসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছিল।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বখাটে ইসমাইলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ইসমাইলের বাবার নাম মো. দুলাল মিয়া। তাঁর বাড়ি উপজেলার আমলাব ইউনিয়নের রানগায়ের টেক গ্রামে।