নরসিংদীতে রিকশাও চলতে দিচ্ছে না হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছেন না হেফাজতে ইসলামের কর্মীরা। তাঁরা রিকশা চলাচলেও বাধা দিচ্ছেন।রিকশা থেকে যাত্রীদের নামিয়ে হেঁটে যেতে বাধ্য করছেন হরতাল-সমর্থকেরা। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সকাল ১০টার দিকে মনোহরদী থেকে শহরের দিকে আসা আবুল কাশেম নামের জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী প্রথম আলো ডটকমকে বলেন, ‘সকাল ছয়টায় বাড়ি থেকে বের হয়েছি। এখন বাজে ১০টা। ৪০ মিনিটের রাস্তা, চার ঘণ্টা লাগল। রিকশা থেকে পর্যন্ত নামিয়ে দিচ্ছেন হরতালকারীরা। এভাবে কি একটা দেশ চলতে পারে?’নরসিংদী আদালতে হাজিরা দিতে রায়পুরা থেকে আসা হজরত আলী বলেন, ‘রায়পুরা আসার একমাত্র বাহন হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা। আজ পুরো রাস্তা হেঁটে আসতে হয়েছে।’এদিকে, হরতালের কারণে শহরের অন্যান্য দোকানপাটের পাশাপাশি খাবারের দোকানও খুলতে বাধা দিচ্ছেন হেফাজতে ইসলামের সদস্যরা। শহরের বেশ কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, হেফাজতের হুমকির মুখে বাধ্য হয়ে দোকানপাট বন্ধ রাখছেন তাঁরা। সদর উপজেলা মোড় এলাকার মাতৃ মিষ্টান্ন ভান্ডারের মালিক শান্তি রঞ্জন সাহা বলেন, ‘সকালে দোকান খুলেছি। প্রায় সঙ্গে সঙ্গেই হুজুরেরা দোকান বন্ধ করতে বলেন। বন্ধ না করলে অসুবিধা হবে এমন কথা বলে তাঁরা শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেন।’এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সৈয়দ শামসুল তাবরীজ বলেন, হেফাজতে ইসলামের কর্মীরা অহিংসভাবে হরতাল পালন করছেন। তাঁরা কোনো সহিংসতা ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।