নরসিংদীতে রেললাইন ও সিএনজি অটোরিকশায় আগুন
নরসিংদীতে ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রেললাইন ও সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা।আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী-বাদুয়ারচর রেল সেতুতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। নরসিংদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ প্রথম আলো ডটকমকে জানান, বাদুয়ারচর রেল সেতুতে হরতালকারীরা আগুন জ্বালিয়ে দেওয়ায় রেললাইনের চারটি কাঠের স্লিপার আংশিক পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন ও নির্মাণশ্রমিকেরা তা নিভিয়ে ফেলেন। তবে এতে রেল চলাচল ব্যাহত হয়নি।এদিকে হরতালের সমর্থনে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের নেতৃত্বে ও জেলখানা মোড় এলাকায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে দুটি আলাদা বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিএনপির সমাবেশ চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা।নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ কে এ জহিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘কোনো রকম সহিংসতা ছাড়া শুধু বিক্ষোভ মিছিলের আশ্বাসে আমরা জেলখানা মোড়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলের অনুমতি দিই। তবে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মিছিল শেষে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।’আগুন লাগানোর কথা অস্বীকার করে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের সমাবেশ পণ্ড করতে আওয়ামী লীগের কেউ এ ঘটনা ঘটিয়েছে।’