নরসিংদীতে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবদীতে চিকিত্সকের ভুল ও দায়িত্বে অবহেলায় শাবানা আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতালটি ভাঙচুর করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। আজ রোববার সকালে মাধবদী পৌর এলাকায় হলি ক্রিসেন্ট প্রাইভেট হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে আর্থিক সমঝোতা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান নাম প্রকাশে হাসপাতালের এক কর্মচারী।নিহতের বাবা মালেক মিয়া অভিযোগ করেন, গত শুক্রবার সন্ধ্যায় শাবানা আক্তারের প্রসব বেদনা উঠলে স্থানীয় হলি ক্রিসেন্ট প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। তাঁর উচ্চ রক্তচাপ থাকা সত্ত্বেও হাসপাতালের গাইনি বিভাগের চিকিত্সক সুমনা রহমান তাঁর অস্ত্রোপচার করেন।অস্ত্রোপচারের পর থেকে রোগীর রক্তচাপ আরও বাড়তে থাকে। গতকাল শনিবার রাত আনুমানিক তিনটার দিকে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিত্সক ইকবাল হাসানকে বিষয়টি জানানোর পরও তিনি সকালে দেখা হবে বলে জানান। রাত চারটার দিকে শাবানার মৃত্যু হয়। এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা সকাল সাড়ে আটটার দিকে হাসপাতাল ভাঙচুর শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম না প্রকাশের শর্তে হাসপাতালের একজন কর্মচারী জানান, নিহতের স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের আর্থিক সমঝোতা হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।হাসপাতালের ব্যবস্থাপক জাকির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘রোগীর উচ্চ রক্তচাপ ছিল কিন্তু সেখানে চিকিত্সকের কোনো ভুল কিংবা অবহেলা ছিল না। বুঝেন তো ভাই রোগী মারা গেলে অনেকেই অনেক কথা বলে।’ তবে আর্থিক সমঝোতার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।চিকিত্সক ইকবাল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।মাধবদী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।