নরসিংদীতে লোকমান হত্যার আসামির প্রার্থিতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে লোকমান হোসেন হত্যা মামলার চার নম্বর এজাহারভুক্ত আসামি ও শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে নরসিংদীতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। কাজ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশন মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ও শহর আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে। যাচাই-বাছাইয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে নয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। আর মনোনয়নপত্রে প্রার্থীর স্বাক্ষর নিয়ে জটিলতার কারণে মোন্তাজ উদ্দিন ভূঁইয়া এবং জনতা ব্যাংক, সিঅ্যান্ডবি রোড শাখায় ঋণখেলাপির অভিযোগে আমজাদ হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আর ব্যাংকে ঋণ-সংক্রান্ত ঝামেলায় হাবিবুর রহমান নামে এক প্রার্থীর প্রার্থিতা স্থগিত করা হয়েছে। নরসিংদী নির্বাচন কমিশনারের রিটার্নিং কর্মকর্তা আবদুল অদুদ প্রথম আলো অনলাইনকে বলেন, যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা ইচ্ছে করলে আগামী তিন দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। আর বৈধ প্রার্থীরা ইচ্ছে করলে ৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আগামী ৫ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।