নরসিংদীতে শান্তিপূর্ণ হরতাল পালিত
নরসিংদী শহরে জেলা ছাত্রদলের ডাকা হরতাল আজ বুধবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিল্লাল হোসেন ওরফে রনিকে কুপিয়ে ও গুলি করে হত্যার প্রতিবাদে হরতাল ডাকা হয়। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, এ ঘটনায় আজ নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। হরতালের সময় জনগণের নিরাপত্তার কথা ভেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের কয়েকটি স্থানে পুলিশ পিকেটারদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে পিকেটারদের বাগবিতণ্ডা হলেও কোনো সংঘর্ষ হয়নি।আজ সকাল থেকেই শহরের দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় কিছু রিকশা চললেও বড় ধরনের কোনো যানবাহন চলাচল করেনি। রাস্তায় মানুষের উপস্থিতিও ছিল খুব কম। প্রসঙ্গত, গতকাল বেলা পৌনে ১১টার দিকে একদল সন্ত্রাসী কলেজের ছাত্র সংসদ ভবনে ঢুকে প্রকাশ্যে রনিকে হত্যা করে। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ১৯ মার্চ পর্যন্ত কলেজের পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।