নরসিংদীতে শ্রমিক লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবদী শহর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল খানকে (২৭) জবাই করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় একটি ইরি ধানের জমি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল খান কেব্ল নেটওয়ার্ক ব্যবসা করতেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী ছিলেন।নিহতের পরিবারের সদস্যরা জানায়, সোহেল খানের বাড়ি নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের মালিকাধীন কেব্ল নেটওয়ার্ক ব্যবসার রাইনাদী এলাকার দায়িত্বে ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়িতে যান। কিছুক্ষণ পর আবার ঘর থেকে বের হয়ে পড়েন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আজ সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাইনাদী ভাঙ্গাবিল এলাকার একটি ইরি ধানের জমির মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহতের বড় ভাই লিটন খান বলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। বিগত কয়েক মাসের মধ্যে কারও সঙ্গে কোনো বিষয় নিয়ে বিরোধ হয়েছে—তাও জানা নেই। কী কারণে সোহেল খুন হয়েছে, তা তাঁদের ধারণার বাইরে।’মাধবদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য সোহেল খানের মৃতদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জবাই করে সোহেল খানকে হত্যা করা হয়। পেটেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।