নরসিংদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত
নরসিংদীর রায়পুরায় দুদল গ্রামবাসীর মধ্যে টেঁটা ও বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ও বিএনপি-সমর্থিত হাছান মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী জানান, প্রভাব বিস্তার কেন্দ্র করে জাকির হোসেন ও হাছান মিয়ার সমর্থকদের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। সর্বশেষ গতকাল বুধবার রাতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে দুই দফা সংর্ঘষ বাধে। এতে হাছান মিয়ার সমর্থক কেবল হোসেন নামের এক যুবক প্রতিপক্ষের হাতে গুরুতর জখম হন। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাঁকে নরসিংদী হাসপাতাল, পরে ঢাকায় পাঠানো হয়। রাতের ঘটনার জের ধরে আজ সকাল ১০টার দিকে আবার দুই পক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শাহাদাত্ মারা যান। এ ছাড়াও ১৫-২০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর বাতেন জানান, নিহত শাহাদাৎ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।