নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মিলন মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলনের বাড়ি ঝিনাইদহে এবং তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন। দুর্ঘটনায় অপর একটি ট্রাকের চালক নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার মাসুদ মিয়া (৪০) এবং চালকের সহকারী একই জেলার মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বাচ্চু মিয়া (৩৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোরে ঢাকাগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৪-৫৫৮৬) যান্ত্রিক সমস্যা দেখা দিলে সেটিকে মহাসড়কের সৃষ্টিগড় এলাকায় রাস্তায় দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-১৬৯১) পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে দাঁড় করানো ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই খাদে পড়ে যাওয়া ট্রাকটির সহকারী মিলন মিয়া মারা যান। আর অপর ট্রাকের চালক মাসুদ মিয়া ও তাঁর সহকারী বাচ্চু মিয়াকে মুমূর্ষু অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।শিবপুর থানার ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নান্নু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।