নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নরসিংদীতে রডবোঝাই একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছে। আজ রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার শিবপুর বাজার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার চরদুকুন্দি গ্রামের ছায়েদ আলী (৮০), একই গ্রামের আওয়াল মিয়া (৫০) এবং নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের ফজলুর রহমান (৪৮)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী রডবোঝাই ট্রাকটি সকাল সাড়ে ছয়টার দিকে শিবপুর বাজার এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া ছায়েদ আলীকে প্রথমে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিছুদূর গিয়ে ট্রাকটি একটি রিকশাকে ধাক্কা দিলে এতে থাকা আওয়াল মিয়া ও ফজলুর রহমান ছিটকে পড়েন। ঘটনাস্থলে তাঁদেরও মৃত্যু হয়। আহত হন রিকশার আরোহী সানাউল্লাহ মিয়া ও রিকশাচালক কাজল মিয়া। তাঁদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বেলাব থানার উপপরিদর্শক (এসআই) পংকজ কুমার মণ্ডল জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। তবে চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন। নিহতদের মধ্যে ছায়েদ আলী ও আওয়াল মিয়ার মরদেহ জেলা প্রশাসকের সম্মতিক্রমে স্বজনেরা নিয়ে গেছে। ফজলুর রহমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।