নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নরসিংদীতে যাত্রীবাহী টেম্পু ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে ঢাকা-মঠখোলা সড়কে নরসিংদীর শিবপুর উপজেলার কুমড়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কুমারটেক গ্রামের বেদন মিয়া (৩৫), তাঁর স্ত্রী জহুরা বেগম (৩২), দেড় বছরের মেয়ে সাজেদা, রাজু মিয়া (৫০) এবং টেম্পুর হেলপার মনোহরদী উপজেলার বগাদী গ্রামের সিরাজ মিয়া (৩০)।শিবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জেসমিন আক্তার জানিয়েছেন, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।