নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
নরসিংদী শহরের বাজারে সন্ত্রাসীদের গুলিতে মনজুর রহমান (৩২) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নরসিংদী বাজারে দুধপট্টি এলাকায় তাঁর নিজের দোকানে এ ঘটনা ঘটে।নিহত মনজুর রহমান রং ও রাসায়নিক দ্রব্যের ব্যবসা করতেন। তিনি কুমিল্লার মুরাদনগরের সিরাজ আলীর ছেলে।মনজুরের স্ত্রী তাসলিমা বেগম প্রথম আলো ডটকমকে বলেন, মনজুর রহমান বিয়ের পর থেকে শহরের পূর্ব দত্তপাড়ায় তাঁর বাবা ইদ্রিস মিয়ার বাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো গতকাল তিনি দুপুরের খাবার খেয়ে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বাজারে যান।বাজারের লোকজন জানায়, গতকাল রাত ১১টার দিকে কে বা কারা মনজুরের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাঁকে গুলি করে। শব্দ শুনে বাজারের লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক মনজুরকে মৃত ঘোষণা করেন।সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা শীতল দেবনাথ প্রথম আলো ডটকমকে বলেন, মনজুরের গলায় দুটি ও বুকে একটি গুলি লেগেছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মনজুরের পূর্ব পরিচিত। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।