নরসিংদীতে সোমবার জামায়াতের আধাবেলা হরতাল
নরসিংদীতে আগামী সোমবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জামায়াতে ইসলামীর জেলা শাখার প্রচার সম্পাদক শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা জামায়াতে ইসলামীর আমির আ ফ ম আবদুস সাত্তারকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানায় জামায়াতে ইসলামী। আগামী রোববারের মধ্যে তাঁকে নিঃশর্ত মুক্তি না দিলে সোমবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করা হবে। তবে ঢাকা-সিলেট মহাসড়ক ও এইচএসসির পরীক্ষাকেন্দ্র এলাকা হরতালের আওতামুক্ত থাকবে কি না, সে ব্যাপারে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে। এ ব্যাপারে জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শেখ আবদুল মালেক মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে এখনো দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আগামীকাল তাঁরা বসবেন বলেও জানান তিনি। আজ শুক্রবার বিকেলে নরসিংদী শহরের আরশীনগর রেলক্রসিং এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ জেলা জামায়াতের আমির আ ফ ম আবদুস সাত্তারকে গ্রেপ্তার করে । পুলিশ জানায়, গত ১ মার্চ সদর উপজেলার ঘোড়াদিয়া শাকুরঘাট এলাকায় জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এতে পুলিশ পরিদর্শক আজিজুর রহমান মিয়াসহ পুলিশের ১০ জন সদস্য আহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় জেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।