নরসিংদীতে সড়ক অবরোধ চলছে
নরসিংদীতে ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ বুধবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন হরতাল-সমর্থকেরা।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টার দিকে জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহীর নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করে ওই সড়ক অবরোধ করেন। এ সময় হরতালকারীরা সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করেন।মহাসড়ক অবরোধ করে সেখানে সমাবেশ করছেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা বলেন, সরকার ধর্ম অবমাননা আইন সংশোধন করবে না। এই ফ্যাসিবাদী সরকার ধর্ম কী জিনিস, এটাই জানে না। তাই এর মূল্যায়নও করতে পারে না। এই সরকার জোর করে ক্ষমতায় থাকতে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে বিএনপির নেতা-কর্মীদের বন্দী করেছে। কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের কার্যকলাপ হতে দেওয়া যায় না।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আল জালাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘মহাসড়কে বিএনপির এত নেতা-কর্মী ছিলেন যে, আমাদের স্বল্পসংখ্যক পুলিশ দিয়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তাঁরা একটি সিএনজি অটোরিকশা ভাঙচুরের চেষ্টা চালালেও ভাঙতে পারেননি।’