নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আজ রোববার বেলা একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চৈতন্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তাঁরা ঢাকার মিরপুর থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ নিহত লোকজনের নাম নিশ্চিত করেছে। তাঁরা হলেন ইব্রাহিম মিয়া, ফারুক মিয়া, মাকসুদুর রহমান, রফিক মিয়া, মো. মইজুদ্দিন, রাব্বি মিয়া, লাইলি বেগম, হাশিম মিয়া, নান্নু মিয়া, সজল মিয়া ও বৃষ্টি আক্তার। শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর বিলাস পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক আসা হবিগঞ্জগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে দুজন ও নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হন। আহত লোকজনকে নরসিংদী জেলা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।