নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সদর উপজেলার ঝাউতলা এলাকার মিন্টু মিয়া। পাঁচদোনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোল্লা টুটুল জানান, অটোরিকশাটি পাঁচদোনা থেকে ঘোড়াশাল যাওয়ার পথে ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও একজন যাত্রী মারা যায়। নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আহত অপর এক যাত্রী।আরেকটি ঘটনায় আজ সকালে সাতক্ষীরায় কালীগঞ্জ-শ্যামনগর সড়কের মহত্পুর আমতলা মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিবনাথ মণ্ডল (২৫) নামের এক চিংড়ি ব্যবসায়ী মারা গেছেন। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার গোলখালী গ্রামে।নিহতের ভাই কৃষ্ণপদ মণ্ডল জানান, শিবনাথ ব্যবসার কাজে বন্ধু সঞ্জয়ের মোটরসাইকেলে করে শ্যামনগরে যাচ্ছিলেন। পথে ওই স্থানে একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা মারে। এতে শিবনাথ গুরুতর আহত হন। পরে সকাল নয়টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক তৈয়বুর রহমান জানান, অধিক রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।