নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার চৈতাবে ঢাকা-সিলেট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, নরসিংদীর সদর উপজেলার চরদীঘলদি গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে মর্জিনা বেগম (২০), একই উপজেলার কাকসিয়া গ্রামের নুরুল আলম (৫০), কুড়িগ্রাম সদর উপজেলার উলিপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩০)। তবে আহতদের মধ্যে শিশু মিয়া (২৪) নামের এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় এবং বরগুনার পাথরঘাটা উপজেলার সেলিনা বেগম (১৮), নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব এলাকার নূরে আলম (৩০), একই জেলার মাধবদীর সোহেল মিয়াকে (২৫) নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বেসরকারি হাসপাতাল থেকে চিকিত্সা নিচ্ছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সোয়া সাতটার দিকে সদর উপজেলার মাধবদী থেকে একটি যাত্রীবাহী লেগুনা পাঁচদোনার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লেগুনাটি দূরে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়।নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই তিনজনের মৃত্যু হয়েছে।