নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার সুনাইমুড়ীতে আজ শুক্রবার বিকেলে বাস ও সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়ার আটলা গ্রামের গোলাম মওলার ছেলে আবু ছিদ্দিক (৪০)। নিহত বাকি তিনজনের পরিচয় তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ভৈরবগামী একটি সিমেন্টবোঝাই ট্রাকের সামনের চাকা ফেটে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবু ছিদ্দিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম (২৮), ইকবাল হোসেন (৪০), করম চান (৪০), বাছির (৩৫), নান্নু মিস্ত্রি (৫০), মনছুর রহমান (৩২), তাজুল ইসলাম (৩৫), রানা (৩৫), ফারুক (৩০), মনির (৩৫), মামুন (৪৫) ও মেহের (৫)।গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের আটজন সদস্য রয়েছেন। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাস-ট্রাক দুটিকে আটক করেছে।