নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। জেলার শিবপুর উপজেলার গাবতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি মিনিট্রাককে পেছন দিক থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন—শিবপুর উপজেলার যোশর গ্রামের আলাউদ্দিন মিয়া (৫০), রায়পুরা উপজেলার নুরু মিয়ার ছেলে হামিদ মিয়া (৩৫) ও বরিশালের দেওয়লা গ্রামের আজহার মিয়ার ছেলে শাহীন মিয়া। আরেকজনের পরিচয় মেলেনি।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত একটার দিকে শিবপুরের গাবতলী এলাকায় একটি মিনিট্রাকে কাঁচামাল ওঠানোর সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আলাউদ্দিন মিয়া ও হাসপাতালে নেওয়ার পর বাকি তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।