নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নরসিংদীতে ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার দগরিয়া এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আবদুল হালিম মিয়া, মো. দুইখ্যা মিয়া ও আপেল মিয়া। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, নরসিংদীর সাহেপ্রতাব থেকে যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান শিবপুর যাচ্ছিল। মহাসড়কের দগরিয়া এলাকায় পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের তিনজন যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে রাখা হয়েছে।আহত ১০ জনকে নরসিংদী জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আটটার দিকে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।