নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে কোন্দালপাড়ায় একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন যাত্রী নিহত এবং আহত হয়েছে অন্তত আরও ২০ জন। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কোন্দালপাড়ায় ভৈরব থেকে ঢাকাগামী চলনবিল পরিবহনের একটি বাস ও শিবপুর থেকে ভৈরবের উদ্দেশে যাওয়া একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে থাকে আর বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই বাস ও পিকআপ ভ্যানের আটজন যাত্রী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। হতাহতদের বেশির ভাগই পিকআপ ভ্যানের যাত্রী। আহতদের নরসিংদী সদর ও জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গুরুতর আহত চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনার পর ওই মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এখন আবার যান চলাচল শুরু হয়েছে।