নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের ১০ সদস্য নিহত
নরসিংদীতে আজ শনিবার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ১০ সদস্য নিহত হয়েছেন। শিবপুর উপজেলার ঘাসিরজিয়া এলাকায় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলাব থানার ওসিসহ কয়েকজন সদস্য আজ পিকআপ ভ্যানে করে নরসিংদী পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে মহাসড়কের ঘাসিরজিয়া এলাকায় পিকআপ ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেলাব থানার ওসি (তদন্ত) জিয়াউল খান, উপপরিদর্শক (এসআই) কনকন, কনস্টেবল রিয়াদ, কৃষ্ণকান্তি, বজলুর রহমান, রেজাউল করিম, মাসুদ পারভেজ ও নারায়ণ চন্দ্র মারা যান। বেলাব থানার ওসি ফারুক আহমেদ নরসিংদীর জেলা হাসপাতালে ও কনস্টেবল প্রিয়তোষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে একটি সভায় যোগ দিতে হতাহতরা নরসিংদী পুলিশ লাইনে যাচ্ছিলেন।