নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
নরসংদীর রায়পুরায় আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের গকুলনগর এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চানপুর বড় বাড়ির সালাউদ্দিন মিয়া (২৭)। নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ব্যক্তিরা হলেন—একই উপজেলার কালীপুর গ্রামের জুয়েল মিয়া (২৩), সোহেল মিয়া (২৫) ও হযরত আলী (৩০)।আহত সোহেল মিয়াকে উদ্ধৃত করে পুলিশ জানায়, জমিতে কাজ করার জন্য তাঁরা পাঁচজন সকাল সাতটার দিকে অটোরিকশায় করে নরসিংদীর বেলাব থেকে রায়পুরায় যাচ্ছিলেন। অটোরিকশাটি গকুলনগরের লালমিয়া ফিলিং স্টেশনের কাছে এলে বিপরীত দিক থেকে আসা যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।